August 15, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • প্রথমবার জাতীয় সংসদ ভবন পরিদর্শনে গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪৩ শিক্ষক-শিক্ষার্থী

প্রথমবার জাতীয় সংসদ ভবন পরিদর্শনে গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪৩ শিক্ষক-শিক্ষার্থী

Image

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার লাকসাম উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪৩ জন শিক্ষক ও শিক্ষার্থী প্রথমবারের মতো বাংলাদেশের গণতন্ত্রের প্রাণকেন্দ্র জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ শিক্ষা সফর অংশগ্রহণকারীদের জন্য এক স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতায় পরিণত হয়।

সংসদ ভবনে পৌঁছে প্রতিনিধি দল প্রথমে এলডি হল পরিদর্শন করে। পরে তারা বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। সফরের অংশ হিসেবে তারা বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন। পাশাপাশি সংসদের উত্তর ও দক্ষিণ প্লাজা, মনোরম ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সমৃদ্ধ সংসদ গ্রন্থাগার (লাইব্রেরি) পরিদর্শনের সুযোগ পান।

শপথ কক্ষে আয়োজিত ব্রিফিং সেশনে শিক্ষার্থীদের জাতীয় সংসদের ইতিহাস, স্থাপত্যশৈলী ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী সিগমাতুল আজিম জাহিন বলেন, “জীবনে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শন করলাম। বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের ক্রিসেন্ট লেকের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এত সমৃদ্ধ ও বৃহৎ লাইব্রেরি দেখে আমি অভিভূত। এই অভিজ্ঞতা আমি কখনো ভুলতে পারব না।”

দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম অপু বলেন, “জাতীয় সংসদ ভবন যে এত সুন্দর ও দৃষ্টিনন্দন, তা আমার কল্পনাতেও ছিল না। আজ সরাসরি দেখে আমি অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছি।”

পরিদর্শনের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত ‘শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. আবুল কালাম, এমপি। সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। এ সময় অতিথিরা শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

অধিবেশন শুরুর আগে প্রতিনিধি দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং পরে বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় সংসদ ভবন শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং সাংবিধানিক চর্চার প্রতীক। শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জানার সুযোগ করে দিতে এ ধরনের শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম।

সফরের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ ভবনের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেন। অনেক শিক্ষার্থী জানান, এতদিন জাতীয় সংসদ ভবন সম্পর্কে তারা শুধু বই ও টেলিভিশনে জেনেছেন; বাস্তবে এসে এটি দেখার সুযোগ পাওয়া তাদের কাছে স্বপ্নপূরণের মতো।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সে সময় রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করায় তাঁকে দেখার সুযোগ হয়নি। তবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন সংসদ সদস্যকে সরাসরি দেখার সুযোগ পান তারা।

গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ সফরকে বিদ্যালয়ের ইতিহাসে অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করেন। তাদের ভাষায়, প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবারের শিক্ষার্থীদের জন্য জাতীয় সংসদ ভবন পরিদর্শনের এ অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে দেশপ্রেম, নেতৃত্বের চেতনা এবং রাষ্ট্র সম্পর্কে জানার আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

Scroll to Top