ডেস্ক রিপোর্টঃ
মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ আগস্ট, ২০২৬) বেলা ১১টায় মানিকগঞ্জ জেলার মুন্নু সিটিতে মরহুম পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।
কবর জিয়ারতের পর মুন্নু মেডিকেল কলেজের নতুন ১০ তলা ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন মন্ত্রী। এরপর তিনি মেডিকেল কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

এছাড়া, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবায় অসামান্য অবদান রাখায় চিকিৎসকদের বিশেষ সম্মাননা প্রদান করেন মন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী বলেন, আমার বাবা ছিলেন জাতীয়তাবাদী আদর্শের প্রশ্নে আপসহীন। তার আদর্শ ধারণ করে আজ আমি মানিকগঞ্জের সাধারণ মানুষের নেত্রী। আমি বাবার আদর্শে উজ্জীবিত হয়ে মানিকগঞ্জের সাধারণ মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই।
তিনি আরো বলেন, দেশের বিমান খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই আমি। প্রবাসীদের জন্য বিমান টিকেটে বিশেষ ছাড়, পর্যটন করপোরেশনের হোটেলগুলোতে ডিসকাউন্ট প্রদানসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছি আমরা। তাছাড়া টিকেট সিন্ডিকেট দমনে কাজ করছি। প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছি আমরা।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ আগস্ট হারুণার রশিদ খান মুন্নু ইন্তেকাল করেন। মৃত্যুর দীর্ঘ নয় বছর পরও তাঁর কর্মময় জীবন, দূরদর্শী নেতৃত্ব, শিল্পোন্নয়নে অনন্য অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড তাঁকে মানুষের হৃদয়ে অম্লান করে রেখেছে। মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আজও শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় এই বরেণ্য শিল্পপতি ও জননেতাকে।











