July 7, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার সোমবার (৬ জুলাই ২০২৬) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে ফোরাম-এর তৃতীয় আসরে অংশগ্রহণ এবং সেখানে মূল প্রবন্ধ (Keynote Address) উপস্থাপনের আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এ সফরের মাধ্যমে দুই নেতার মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ারও সুযোগ সৃষ্টি হবে। প্রধানমন্ত্রীর এ অংশগ্রহণ ইইউর গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভ-এর আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে আরও বিনিয়োগের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাসের একটি অভিনন্দনপত্রও হস্তান্তর করেন। চিঠিতে তাকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের বিস্তৃত বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, আসন্ন উচ্চপর্যায়ের সফর ও বৈঠক, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এর সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও মতবিনিময় হয়।

উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন।

বৈঠকের শেষে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারিত্বকে পারস্পরিক স্বার্থে আরও শক্তিশালী ও সম্প্রসারিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় পক্ষ।

Scroll to Top