June 29, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • স্পারসোকে আধুনিক, স্বনির্ভর ও যুগোপযোগী মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্পারসোকে আধুনিক, স্বনির্ভর ও যুগোপযোগী মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করে প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন।

রোববার (২৮ জুন ২০২৬) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরস্থ স্পারসোর প্রধান কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিকভাবে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের গবেষণা, উদ্ভাবন এবং চলমান কার্যক্রমের ওপর বিস্তারিত উপস্থাপনা দেন।

ব্রিফিং শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোর গবেষণা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন এবং জাতীয় উন্নয়ন ও নিরাপত্তায় আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, দেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রযুক্তিকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে স্পারসোকে যুগোপযোগী প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।

Scroll to Top