ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
দুর্যোগের সময় দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ১২টি উদ্ধারকারী স্পিডবোট হস্তান্তর করেছে জাপান। জাপানের সরকারি উন্নয়ন সহায়তা (ODA) ঋণে জাইকার (JICA) অর্থায়নে বাস্তবায়িত ‘Disaster Risk Management Enhancement Project’-এর আওতায় এসব স্পিডবোট হস্তান্তর করা হয়।

বুধবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত স্পিডবোট হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জাপানের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, স্থানীয় সরকারগুলোর কাছে হস্তান্তর করা ১২টি লাইফবোট যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও সর্বদা ব্যবহারের উপযোগী রাখা হবে। পাশাপাশি, যেখানে মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়বে, সেখানে যেন দ্রুত এসব উদ্ধারযান মোতায়েন করা যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
জাপান জানিয়েছে, জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্বের আওতায় দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে এবং দুর্যোগ-পরবর্তী সময়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত ও আরও গভীর করবে তারা। একই সঙ্গে বঙ্গোপসাগর ও বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছে জাপান।











