ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের টেকসই বিকাশ ও বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে নীতিগত সহায়তা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (BSIA)।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট, ২০২৬) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির-উদ-দৌলার সঙ্গে সাক্ষাৎ করেছেন BSIA-এর সভাপতি এম. এ. জব্বার। এ সময় তার সঙ্গে ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবে এলাহী চৌধুরী এবং সেক্রেটারি হাশিম আহমেদ।
সাক্ষাৎকালে এম. এ. জব্বার বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ, BSIA-এর প্রতিষ্ঠা এবং গত দুই বছরে সংগঠনটির বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্পের (RMG) পর সেমিকন্ডাক্টর খাতকে দেশের অন্যতম প্রধান রপ্তানি আয়ের খাতে পরিণত করার মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন রয়েছে, তা বাস্তবায়নে সরকারি নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
BSIA-এর বিভিন্ন পর্যবেক্ষণ ও প্রস্তাবকে স্বাগত জানান বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির-উদ-দৌলা। তিনি বাংলাদেশের তরুণ প্রকৌশলীরা দেশে ও বিদেশে সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষতার সঙ্গে কাজ করার সক্ষমতা রাখেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সেমিকন্ডাক্টর খাতের টেকসই প্রবৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে কমিশনের সঙ্গে ভবিষ্যতেও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে BSIA।











