July 26, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা আরও সম্প্রসারণে সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) একটি প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাবসিসিআই-এর সভাপতি আশরাফুল হক চৌধুরী।

সাক্ষাৎকালে প্রতিনিধি দল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে সাবসিসিআই-এর বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করে। এর মধ্যে বাণিজ্য উন্নয়নমূলক কার্যক্রম, আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন এবং সৌদি আরবে একটি বাংলাদেশ-সৌদি বিনিয়োগ ফোরাম আয়োজনের পরিকল্পনার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবসিসিআই-এর উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশ-সৌদি অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি উন্নয়ন এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

শামা ওবায়েদ ইসলাম নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং বাংলাদেশের সৃজনশীল শিল্প, হস্তশিল্প ও বহুমুখী পাটজাত পণ্যের সৌদি বাজারে প্রসারের সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

এ সময় সাবসিসিআই প্রতিনিধি দল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Scroll to Top