July 6, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে পরিচালিত হতে হবে যাতে সরকারপ্রধান জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না পড়েন। তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরাপত্তা কৌশল প্রণয়নের ক্ষেত্রে জনগণের সঙ্গে সরকারপ্রধানের স্বাভাবিক যোগাযোগ ও আস্থার সম্পর্ক অক্ষুণ্ন রাখতে হবে।

রোববার (৫ জুলাই, ২০২৬) দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং, নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে বিন্যস্ত করা জরুরি, যাতে জনগণ নিজেদের সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। এ বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাই।”

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিশেষভাবে নির্বাচিত ও প্রশিক্ষিত সদস্যরাই পিজিআরে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেনাবাহিনীর অধীন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। তাই পেশাদারিত্ব, আনুগত্য ও শৃঙ্খলার সমন্বয়ে সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বাহিনীর দক্ষতা ও একনিষ্ঠতার পরিচয় তুলে ধরতে হবে।

পিজিআরের দায়িত্বকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্র ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার দায়িত্বও পিজিআরকে পালন করতে হয়। এসব দায়িত্ব পালনে বাহিনীর বিশ্বস্ততা, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতাই তাদের একটি সুশৃঙ্খল ও দক্ষ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কেক কেটে পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। পরে তিনি পিজিআর সদর দপ্তরে একটি গাছের চারা রোপণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া পাঁচ পিজিআর সদস্যের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

Scroll to Top