ডেস্ক রিপোর্টঃ
জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে গাজীপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আইনি সহায়তা সেবার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষের মাঝে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, বিভিন্ন সময় মানুষ নানা ধরনের তদবির নিয়ে তার কাছে আসেন, যা কখনো কখনো তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। এ প্রসঙ্গে তিনি একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, একবার তদবিরে বিরক্ত হয়ে এক ভদ্রমহিলাকে তিনি বলেন, “আমার বাবার নাম আইন, আর মায়ের নামও আইন। তাই কোনো তদবিরের বাইরে গিয়ে আমি সিদ্ধান্ত নিতে পারবো না।”
তিনি আরও বলেন, বিচারক, আইনজীবীসহ যারা আইনের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের সকলের ক্ষেত্রেই আইনের শাসনই সর্বোচ্চ হওয়া উচিত। আইনের ভিত্তিতেই সবার বিচার নিশ্চিত করতে হবে।
আইনগত সহায়তা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, লিগ্যাল এইড সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি অবহিত করা প্রয়োজন। মানুষ যদি জানতে পারে কীভাবে মামলা দায়ের করলে তারা সরকারি আইনি সহায়তা পেতে পারে, তাহলে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠী সহজেই ন্যায়বিচার পাবে। তিনি উল্লেখ করেন, লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বা সালিশি ব্যবস্থার আওতায় মানুষ সরকারি খরচে আইনি সুবিধা গ্রহণ করতে পারবে।
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আবুল হাসনাত মোঃ আবদুল ওয়াদুদ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ শাহরিয়ার ইসলাম, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানসহ জেলা ও মহানগরের সরকারি আইনজীবী (জিপি ও পিপি) বৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আইনের সঠিক প্রয়োগ এবং লিগ্যাল এইড সেবার সম্প্রসারণের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।











