March 28, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশের ক্রীড়াঙ্গনকে পেশাদার ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ, ২০২৬) বিকেলে জাতীয় স্টেডিয়াম-এ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত স্বাধীনতা দিবসের বিশেষ প্রীতি ফুটবল ম্যাচে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে দেশের ক্রীড়া জগতকে পেশাদার রূপ দিতে বিভিন্ন খেলায় নতুন খেলোয়াড় তৈরি করতে চাই। সেই লক্ষ্যেই ঐতিহ্যবাহী “নতুন কুঁড়ি” অনুষ্ঠানের আদলে “নতুন কুঁড়ি স্পোর্টস” চালু করতে চাই।’

তিনি আরও জানান, শুধু একটি কর্মসূচি নয়, তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরির জন্য একটি বিস্তৃত পরিকল্পনা রয়েছে সরকারের। ‘বাংলাদেশের প্রত্যেক জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুলসহ বিভিন্ন পর্যায়ে খেলাধুলার প্রতিযোগিতা শুরু করতে চাই,’ বলেন তিনি।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক তারকা ফুটবলারদের অংশগ্রহণে আয়োজিত প্রীতি ম্যাচটি স্টেডিয়ামের ডাগআউটের পাশে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী। খেলা শেষে তিনি খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করেন এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের ক্রীড়াঙ্গন নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে— ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও বেশি সাফল্য অর্জন করা এবং দেশের জন্য সম্মান বয়ে আনা। এজন্য দক্ষ ও মানসম্পন্ন খেলোয়াড় তৈরি করতে হবে।’

দলমত নির্বিশেষে একটি সুস্থ ও সমৃদ্ধ ক্রীড়াঙ্গন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকের এই স্বাধীনতা দিবসে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই— যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রীড়ার সঙ্গে জড়িত, সবাই একসঙ্গে কাজ করে বাংলাদেশের ক্রীড়া জগতকে এগিয়ে নিয়ে যাবো।’

স্বাধীনতা দিবসে আয়োজিত এই প্রীতি ফুটবল ম্যাচে দেশের সাবেক তারকা খেলোয়াড়দের অংশগ্রহণে স্টেডিয়াম ছিল উৎসবমুখর।

Scroll to Top