May 13, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • নিরাপদ সমুদ্র নৌচলাচলে স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ গঠনের ওপর গুরুত্বারোপ করলেন নৌবাহিনী প্রধান

নিরাপদ সমুদ্র নৌচলাচলে স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ গঠনের ওপর গুরুত্বারোপ করলেন নৌবাহিনী প্রধান

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় চট্টগ্রামে শুরু হয়েছে ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’ (NIOHC)-এর ২৫তম আন্তর্জাতিক সম্মেলন। সোমবার (১১ মে) তিন দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর পরিচালক, নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি, কূটনৈতিকবৃন্দ এবং সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশন্স) ও ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি এবং নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান বিশ্বের অন্যান্য সামুদ্রিক রাষ্ট্রের ন্যায় জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে ‘ন্যাশনাল হাইড্রোগ্রাফার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের একটি কর্তৃপক্ষ দেশের সামগ্রিক হাইড্রোগ্রাফিক কার্যক্রমের সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করবে। পাশাপাশি সমুদ্রগামী জাহাজের নিরাপদ নৌচলাচল, সামুদ্রিক নিরাপত্তা জোরদার, সুনীল অর্থনীতি কার্যক্রম সম্প্রসারণ এবং উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর হাইড্রোগ্রাফিক কার্যক্রমের অগ্রগতি, অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। একই সঙ্গে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ সহায়তা বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) আওতাধীন ১৫টি আঞ্চলিক কমিশনের মধ্যে ২০০২ সালে প্রতিষ্ঠিত ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’ অন্যতম। আন্দামান সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত বিস্তৃত উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে এর কার্যক্রম পরিচালিত হয়।

এবারের সম্মেলনে সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড অংশ নেয়। এছাড়া সহযোগী রাষ্ট্র হিসেবে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, মরিশাস, সেশেলস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। পর্যবেক্ষক দেশ হিসেবে রাশিয়া, মালয়েশিয়া ও সুদানের প্রতিনিধিরাও সম্মেলনে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে।

Scroll to Top