ডেস্ক রিপোর্টঃ
জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে নতুন বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে।”

আজ শনিবার (১৬ মে ২০২৬) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দেশ পুনর্গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “সবার আগে দেশ—এবং দেশটা সবার। জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা হবে।”

পথসভায় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ স্লোগান দিলে তিনি বলেন, সবাই একমত হলে বিষয়টি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী সময় জনগণের সামনে যে পরিকল্পনা উপস্থাপন করা হয়েছিল, তার ভিত্তিতেই জনগণ ভোট দিয়েছে। “আমরা যে ওয়াদা করেছি, তা বাস্তবায়ন করবো,” যোগ করেন তিনি।
সভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুমিল্লা অঞ্চলের উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।











