August 26, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ডিজিটাল রূপান্তরে বাংলাদেশ-ইইউ সহযোগিতা জোরদারের আহ্বান

ডিজিটাল রূপান্তরে বাংলাদেশ-ইইউ সহযোগিতা জোরদারের আহ্বান

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আধুনিক জনসেবা নিশ্চিত করতে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ডিজিটাল সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

সম্প্রতি ঢাকার আইসিটি টাওয়ারে সুইডেন ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ‘ইইউ-বাংলাদেশ ডিজিটাল কোঅপারেশন রাউন্ডটেবিল’। এতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, কারিগরি বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপ এবং এ ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আলোচনায় ডিজিটাল অবকাঠামো ও বিশ্বস্ত নেটওয়ার্ক, ডিজিটাল আস্থা, তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সংযোগ ও অন্তর্ভুক্তি এবং বেসরকারি খাতের অংশগ্রহণ ও উদ্ভাবনের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।

ডিজিটাল অবকাঠামো ও বিশ্বস্ত নেটওয়ার্কের ক্ষেত্রে নিরাপদ, স্থিতিশীল ও পারস্পরিকভাবে সংযুক্ত ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা এবং দায়িত্বশীল এআই ব্যবস্থাপনার মাধ্যমে একটি শক্তিশালী ডিজিটাল আস্থার পরিবেশ তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

দেশের প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে ডিজিটাল সেবা ও সংযোগ পৌঁছে দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের ‘গ্লোবাল গেটওয়ে’ কৌশলের আওতায় সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে ডিজিটাল খাতে বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপরও গুরুত্বারোপ করা হয়। ডিজিটাল রূপান্তরকে আরও কার্যকর ও টেকসই করতে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস। তিনি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতের জন্য বিশ্বস্ত ডিজিটাল অবকাঠামো, অধিকারভিত্তিক শাসনব্যবস্থা এবং শক্তিশালী সরকারি-বেসরকারি অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরেন।

সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশ ও ‘টিম ইউরোপ’-এর মধ্যে চলমান সংলাপকে বাস্তবভিত্তিক সহযোগিতা ও কার্যকর উদ্যোগে রূপান্তর করা গেলে দেশের ডিজিটাল অর্থনীতি, জনসেবা এবং উদ্ভাবন খাত আরও শক্তিশালী হবে।

Scroll to Top