ডিপ্লোম্যাটিক ডেস্ক:
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বিশ্বের সম্ভাবনাময় কিন্তু এখনো অনাবিষ্কৃত অঞ্চল, বিশেষ করে পূর্ব ইউরোপ ও সিআইএসভুক্ত দেশগুলোর সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ ও জোরদারে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকালে তার কার্যালয়ে কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিআইএস-বিসিসিআই)-এর পরিচালনা পর্ষদের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সিআইএস অঞ্চলের মধ্যে বাণিজ্য বৈচিত্র্যকরণ এবং বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি উল্লেখ করেন, এ অঞ্চলের আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো দেশগুলো বাংলাদেশের বৈচিত্র্যময় রপ্তানি পণ্যের জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য হতে পারে।
প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগের ক্ষেত্রে অনাবিষ্কৃত সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময় প্রয়োজন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য সম্পর্ক আরও গভীর করতে সিআইএসভুক্ত দেশগুলোর শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।
তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশের রপ্তানি বাড়াতে বিদ্যমান সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানান। বিশেষ করে সিআইএস অঞ্চলে ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, চিংড়ি, গ্রীষ্মমণ্ডলীয় ফল এবং আইটি পণ্য রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে প্রদর্শনী ও মেলা আয়োজন, বাংলাদেশি পণ্যের ব্র্যান্ডিং, সরাসরি ফ্লাইট না থাকা, সংশ্লিষ্ট দেশগুলোর রাজধানীতে বাংলাদেশের আবাসিক কূটনৈতিক মিশনের অনুপস্থিতি এবং ব্যাংকিং ও আর্থিক লেনদেনের জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সিআইএস ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।











