ডেস্ক রিপোর্টঃ
প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘শিশুরাই জাতির ভবিষ্যৎ। তারাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক।’
সোমবার (৬ জুলাই, ২০২৬) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত শিশু পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।




পরিদর্শনকালে ডা. জুবাইদা রহমান কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে থাকা শিশুদের সঙ্গে সময় কাটান। শিশুদের উপস্থাপনা, সাংস্কৃতিক পরিবেশনা ও সার্বিক পরিবেশে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানে শিশুদের জীবনের ভিত্তি গড়ে তোলা হচ্ছে। এখানে সততা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার মতো মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ডা. জুবাইদা রহমান আরও বলেন, একটি শিশুর সঠিক বিকাশ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও মূল্যবোধসম্পন্ন পরিবেশ গড়ে তোলা গেলে তারাই ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নেতৃত্ব দেবে।
তিনি আশা প্রকাশ করেন, লেখাপড়া ও সুশিক্ষার মাধ্যমে পুনর্বাসন কেন্দ্রের এসব শিশুই ভবিষ্যতে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।











