July 4, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • তেহরানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারের সাথে ইরানের স্পীকারের বৈঠক অনুষ্ঠিত

তেহরানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারের সাথে ইরানের স্পীকারের বৈঠক অনুষ্ঠিত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম এবং ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফররত বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) তেহরান পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পীকার হামিদ রেজা হাজি বাবাই।

বৈঠকের শুরুতে ইরানের স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফ বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলকে আন্তরিক স্বাগত জানান। এ সময় বাংলাদেশের স্পীকার ইরানের সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করেন।

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশ ও ইরানের শতাব্দীপ্রাচীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, গভীর সাংস্কৃতিক ঐতিহ্য এবং কূটনৈতিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে তিনি সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক (MoU) বাস্তবায়নে স্পীকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এ চুক্তি ইরানসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশ শান্তি প্রক্রিয়ার প্রতি তার সমর্থন অব্যাহত রাখবে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব বিরোধের শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে স্পীকার হাফিজ উদ্দিন আহমদ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বৈঠকে ইরানের ডেপুটি স্পীকার, ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির সদস্যবৃন্দ এবং তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top