নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচন পরিচালনা কমিটি বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৫) এক সংবাদ সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব ও বর্তমান নির্বাচনী পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন ড. মাহদী আমিন, উপদেষ্টা ও মুখপাত্র, নির্বাচন পরিচালনা কমিটি।
ড. মাহদী আমিন বলেন, “গত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও ২৪-এর গণঅভ্যুত্থানের ভিত্তিতে আমরা নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়েছি। এই নির্বাচনে জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটবে এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হবে। তবে দুঃখজনকভাবে সাম্প্রতিক সময়ের বিভিন্ন ঘটনা এই ন্যায়সঙ্গত নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।”
তিনি আরও বলেন, “একটি বিশেষ রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিলের জন্য ধর্মীয় অনুভূতি ক্রমাগত অপব্যবহার করছে। পাশাপাশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে কিছু দল জনগণের বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পরিচয়পত্র ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা অসাধু পরিকল্পনার অংশ বলে প্রতীয়মান। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের ভোট নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।”
ড. মাহদী আমিন প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ভোটদান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা চাই প্রবাসীদের ভোট প্রক্রিয়ায় সর্বোচ্চ সমতা ও ন্যায্যতা নিশ্চিত করা হোক। দুঃখজনকভাবে দেখা গেছে পোস্টাল ব্যালটে ধানের শীষের প্রতীক এমনভাবে রাখা হয়েছে যা সহজে দেখা যাচ্ছে না, অথচ প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রতীক সহজে নজরে আসে। এটি নিয়ে প্রয়োজনীয় তদন্ত হওয়া উচিত।”
তিনি আরও সতর্ক করেন, “সোশ্যাল মিডিয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ড. জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমানের নামে অসংখ্য ফেক আইডি তৈরি করা হচ্ছে। এসব আইডিতে এআই ভিডিও তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তাই সবাইকে এসব বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”











