August 26, 2026

শিরোনাম
  • Home
  • স্বাস্থ্য
  • সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্পের ডিজাইন চূড়ান্ত হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্পের ডিজাইন চূড়ান্ত হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (১ আগস্ট, ২০২৬) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের ৭৫ শতাংশ মানুষ গ্রামে বাস করেন এবং তাঁদের প্রাথমিক ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। আগে জেলা পর্যায়ে যে সেবাগুলো পাওয়া যেত, তার সিংহভাগই এখন ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিয়ে আসা হবে।

এ ছাড়া আগামী পাঁচ বছরের মধ্যে স্বাস্থ্যখাতের বাজেট জিডিপির ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান আন্তর্জাতিক জনস্বাস্থ্য ও চক্ষু বিশেষজ্ঞ ড. মুহিত।

তিনি বলেন, শিশুদের বিশেষায়িত সেবার জন্য দেশের পাঁচটি শহরে পাঁচটি নতুন শিশু হাসপাতাল এবং নারী স্বাস্থ্যের জন্য পৃথক ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া নগর স্বাস্থ্যসেবাকে সিটি কর্পোরেশনের পরিবর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মূল কাঠামোর অধীনে এনে পুনর্গঠন করা হচ্ছে।

বিগত সময়ের অনিয়মের কথা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, “পরিকল্পনা ছাড়া শত কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে, যা বহু জায়গায় অব্যবহৃত পড়ে আছে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এই অপচয় বন্ধ করা হবে।”

চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক পদক্ষেপ হিসেবে ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Scroll to Top