ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর উন্নয়নকে আরও এগিয়ে নিতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ১৩ মিলিয়ন মার্কিন ডলারের এআই-হাব প্রকল্প বাস্তবায়নে রেকর্ড অব ডিসকাশন (আরডি) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট, ২০২৬) ঢাকায় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA), বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি বিভাগ) এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

‘ফস্টারিং ইনোভেটিভ টেকনোলজি এক্সপার্টস উইথ আ ফোকাস অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ইন বাংলাদেশ’ শীর্ষক এ প্রকল্পটি ‘এআই-হাব প্রজেক্ট’ নামে পরিচিত। দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে KOICA-এর মাধ্যমে ১৩ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।
প্রকল্পের আওতায় ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত সফটওয়্যার টেকনোলজি পার্ক-২ (STP-2)-এ একটি আধুনিক ও অত্যাধুনিক এআই-হাব সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিবিশেষজ্ঞ তৈরির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হবে।
প্রকল্পটি ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (BHTPA) প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ কাজে KOICA ও ইআরডি ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন প্রতিনিধিদের পাশাপাশি আইসিটি বিভাগ, ইআরডি ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের মধ্যে প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়ে ধারাবাহিক আলোচনার পর এ চুক্তি স্বাক্ষরিত হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এআই-হাব প্রকল্পটি বাংলাদেশের এআই খাতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন এবং দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











