ডেস্ক রিপোর্টঃ
দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজে বের করতে জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলকে নিয়ে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল, ২০২৬) বিকেলে সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনার সময় সরকারি দলের পক্ষ থেকে তিনি এ প্রস্তাব দেন। একইসঙ্গে তিনি বিরোধী দলকে পাঁচজন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী জানান, প্রস্তাবিত কমিটির প্রধান থাকবেন জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। কমিটিতে সরকার ও বিরোধী দল থেকে সমানসংখ্যক পাঁচজন করে সদস্য অন্তর্ভুক্ত থাকবেন।
তিনি বলেন, “বিরোধী দলের প্রস্তাব ও পরামর্শ এই কমিটির মাধ্যমে সরকারের কাছে আসবে। বাস্তবসম্মত ও কার্যকর উদ্যোগগুলো সরকার দ্রুত বাস্তবায়নের চেষ্টা করবে।”
সংসদ নেতা আরও বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক সমস্যা, যার প্রভাব বিভিন্ন দেশে পড়ছে। তবে দেশের মানুষের স্বার্থে সরকার যেকোনো পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে।
এ সময় সংসদ অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।











