April 23, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী

ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার একযোগে কাজ করার বড় সুযোগ রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

মঙ্গলবার (২১ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং এর নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।

সাক্ষাৎকালে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে আমরা সকল জাতিগোষ্ঠীর মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সমতার ভিত্তিতে বসবাস করছি। বর্তমান সরকার এই অঞ্চলের দুর্গম এলাকায় সকল প্রকার নাগরিক সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে।

মন্ত্রী পার্বত্য অঞ্চলের উন্নয়নে কানাডা সরকারের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে বলেন, কানাডা সবসময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে পাশে থেকেছে। আমরা চাই আগামীতে কানাডা তাদের সহযোগিতার হাত আরো প্রসারিত করবে।

কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের উন্নয়নে কানাডার অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুল ইসলাম, যুগ্ম সচিব মোহাম্মদ মমিনুর রহমান, যুগ্ম সচিব কাজী তোফায়েল হোসেন এবং কানাডিয়ান হাইকমিশনের রাজনৈতিক কাউন্সেলর মার্কাস ডেভিস, ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট) জোসেফ ম্যাকিনটোশ ও ডেভেলপমেন্ট অ্যাডভাইজার ফারজানা সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top