শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে কোনো পক্ষ যেন রাজনৈতিকভাবে অপব্যবহার করতে না পারে—এ আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার সংসদ ভবন এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণ করার আহ্বান জানাই। এই বর্বর হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছি।”
তিনি আরও বলেন, “যে সকল ফ্যাসিবাদী শক্তি ও নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মহল রয়েছে, তারা যেন এই ঘটনাকে রাজনৈতিকভাবে ফায়দা লুটার কাজে ব্যবহার করতে না পারে। জাতীয় নির্বাচন পেছানো বা বানচাল করার মতো কোনো ষড়যন্ত্র যাতে না হয়, সে বিষয়ে দেশের সকল মানুষকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।”
এ সময় জানাজায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপি ভাইস চেয়ারম্যান ও শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু।











