ডেস্ক রিপোর্টঃ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও সুদৃঢ় করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব ও ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যক্রম ও আসন্ন নির্বাচনকে সামনে রেখে গৃহীত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।











