ডেস্ক রিপোর্টঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটি সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপি; ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি; গয়েশ্বর চন্দ্র রায়, এমপি; স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি; চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি; আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এমপি; বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এমপি; এ টি এম আজহারুল ইসলাম, এমপি এবং বিরোধীদলের চীফ হুইপ মোঃ নাহিদ ইসলাম, এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে স্পীকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় (২০২৬ খ্রিস্টাব্দের তৃতীয়) অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। আগামী এক বছরের সম্ভাব্য অধিবেশনসমূহের দিন এবং সম্ভাব্য ব্যাপ্তি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকাল ০৩:০০ ঘটিকায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পীকারকে প্রদান করা হয়।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ২৬৭৬টি প্রশ্নসহ মোট ২৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৮১টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১) এ ২৪৯টি নোটিশ পাওয়া গিয়েছে ।
বৈঠকে সাচিবিক সহায়তা প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ বৈঠকে উপস্থিত ছিলেন।











