May 11, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ক্ষুদে শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষুদে শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব: প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্ষুদে শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের মধ্য থেকেই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

শনিবার (২ মে, ২০২৬) বিকেলে সিলেট স্টেডিয়াম-এ আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেটসহ দেশের ৬৪ জেলায় একযোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আমি চাই, তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। দেশের দায়িত্ব তোমাদেরই নিতে হবে, কারণ তোমরাই ভবিষ্যৎ।”

তিনি আরও বলেন, “এখন পড়তে হবে, আর খেলতে হবে। যে খেলোয়াড় হতে চায়, সে খেলোয়াড় হবে; যে গান শিখতে চায়, সে গান শিখবে। আমরা সেই সুযোগ তৈরি করব, ইনশাল্লাহ।”

বক্তব্যের এক পর্যায়ে তিনি আনুষ্ঠানিকতার বাইরে এসে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করেন, যা উপস্থিত ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

অনুষ্ঠানের শুরুতে বিকেএসপির শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে মনোমুগ্ধকর অ্যাক্রোব্যাট প্রদর্শন করে। প্রধানমন্ত্রী তাদের পরিবেশনা উপভোগ করেন এবং করতালির মাধ্যমে উৎসাহ দেন।

এসময় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং “আমরা নতুন, আমরা কুঁড়ি” শিরোনামের থিম সং প্রচার করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদে শিক্ষার্থীদেরই প্রকৃত প্রধান অতিথি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আজ গ্যালারিতে বসে থাকা তোমরাই এই অনুষ্ঠানের আসল প্রধান অতিথি।”

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী সিলেটসহ দেশের ৬৪ জেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ট্রফি ও লোগো উন্মোচন করেন।

অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ক্রীড়া সচিব মাহবুব-উল আলম বক্তব্য রাখেন।

এছাড়া প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদ মন্ত্রী মো. শহিদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সংসদের হুইপ জি কে গউছ, সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা ও এম এ মালেকসহ সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top