অনলাইন ডেস্কঃ
নির্বাচন কমিশনের (ইসি) সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন ভোটার, প্রার্থী ও তাদের এজেন্ট, সাংবাদিক এবং নির্বাচন পর্যবেক্ষকরা। তবে গোপন কক্ষ ও ব্যালট স্ট্যাম্পিং রুমে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি, ২০২৬) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ব্রিফিংয়ে তিনি বলেন, পূর্ববর্তী সিদ্ধান্ত নিয়ে সাংবাদিক ও সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। সে কারণেই কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে সংশোধিত পরিপত্র জারি করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটার, প্রার্থী ও তাদের এজেন্টরা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরাও ছবি তুলতে পারবেন, তবে গোপন কক্ষ বা যেখানে ব্যালট স্ট্যাম্পিং হয় সেখানে কেউ মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।
আখতার আহমেদ আরও বলেন, “এভাবে পরিপত্র সংশোধন করা হচ্ছে, যাতে এ বিষয়ে আর কোনো দ্বিধা বা বিভ্রান্তি না থাকে।”
তবে কিছু ক্ষেত্রে মোবাইল বহনের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানান তিনি। সিনিয়র সচিব বলেন, পোলিং এজেন্ট, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী তারা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।
তিনি আরও জানান, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে প্রবেশের সময় মোবাইল ফোন সঙ্গে না রাখতে দেওয়ার বিষয়ে কমিশনের পূর্ববর্তী সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি বিভিন্ন মহল থেকে একাধিকবার উত্থাপিত হয়। বিষয়টি নিয়ে আলোচনা শেষে পরিপত্রের ওই নির্দিষ্ট অংশ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।











