আজ রবিবার (২১ ডিসেম্বর, ২০২৫) রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান’এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্মানিত সম্পাদক, রেডিও-টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ‘তারেক রহমান-স্বদেশ প্রত্যাবর্তন কমিটি’র আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ, বিএনপির সিনিয়র সম্পাদক ও কমিটির সদস্য সচিব এডভোকেট রুহুল কবির রিজভি, ড. আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিগত ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের কথা মাথায় রেখে গণমাধ্যমকে পূর্ণ সহযোগিতা প্রদান করবে।”
দেশের মানুষ পূর্ণগণতন্ত্র চায় উল্লেখ করে তিনি আরও বলেন, “দেশের জনগণের গণপ্রত্যাশা এবং গণ-আকাঙ্ক্ষা অনেক বেশি। বাংলাদেশের সব মানুষ পূর্ণগণতন্ত্র চায়। গণতন্ত্রকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠানিক করতে হবে এবং সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে গণতন্ত্রের রক্ষাকবজ হিসেবে দাঁড় করাতে হবে।”
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “জনগণ আশা করছে তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হবে। তিনি বাধ্য হয়ে দীর্ঘ ১৮ বছর কষ্টকর নির্বাসিত জীবন যাপন করেছেন। আমরা চাই তার এই প্রত্যাবর্তনকে গণতন্ত্রকে শক্তিশালী করার কাজে ব্যবহার করতে পারি। এটাই আমাদের প্রত্যাশা।”

এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “মতামত বা বক্তব্যের কারণে কারোর ওপর হামলা হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা ফ্যাসিবাদোত্তর সময়েও গভীর উদ্বেগ সৃষ্টি করে।”











