দেশের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, মোবাইল কোর্ট এবং জেনারেল সার্টিফিকেট আদালতের কার্যক্রম ডিজিটালাইজেশনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী এটুআই-এর তত্ত্বাবধানে ‘ই-কোর্ট’ ফ্রেমওয়ার্ক তৈরি ও সারাদেশে বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে।
ই-কোর্টের উন্নয়ন ও বাস্তবায়ন বিষয়ে অংশীজনদের মতামত এবং ব্যবহারিক অভিজ্ঞতা সংগ্রহের লক্ষ্যে আজ বাংলাদেশ সচিবালয়ে এটুআই-এর উদ্যোগে একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার অনুবিভাগের যুগ্মসচিব মোছা. সুরাইয়া বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মোহা. আব্দুর রফিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এটুআই-এর কনসালট্যান্ট (সিনিয়র সহকারী সচিব) মোছা. খালেদা খাতুন রেখা। ই-কোর্টের অগ্রগতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন প্রকল্প পরিচালক মোহা. আব্দুর রফিক। কর্মশালার উদ্দেশ্য ও গুরুত্ব ব্যাখ্যা করেন এটুআই-এর সিনিয়র কনসালট্যান্ট (উপসচিব) ফজলুল জাহিদ পাভেল।
কর্মশালায় ই-কোর্ট সিস্টেমের একটি বিস্তারিত ডেমনস্ট্রেশন প্রদান করেন মোছা. খালেদা খাতুন রেখা এবং সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা।
১৬টি মন্ত্রণালয় ও বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মশালা থেকে প্রাপ্ত মতামত ও অভিজ্ঞতা ই-কোর্ট সিস্টেমকে আরও কার্যকর, স্বচ্ছ ও ব্যবহারবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি প্রস্তাবিত দিকনির্দেশনা ভবিষ্যতে ই-কোর্টের উন্নয়ন ও বাস্তবায়ন পরিকল্পনা নির্ধারণে সহায়ক হবে।











