February 7, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • ৫৪ বছরের রাজনীতি পাল্টে নতুন বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

৫৪ বছরের রাজনীতি পাল্টে নতুন বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

Image

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ৫৪ বছরের পুরনো ব্যর্থ রাজনীতির ধারা পাল্টে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ তারিখ নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি, ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে আয়োজিত ১১-দলীয় নির্বাচনী ঐক্যের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে যারা নিজেদের সততার প্রমাণ দিতে পারেনি এবং এখনও যারা সেই প্রমাণ দিতে ব্যর্থ, জনগণের কাছে ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার তাদের নেই। তিনি বলেন, এ দেশে একের পর এক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সবাই বলেছে—কিছুই হয়নি, এবার সব করে দেব। কিন্তু তারা কেউই তা করতে পারেনি বা করতে চায়নি। যার জীবন্ত সাক্ষী বাংলাদেশের ১৮ কোটি মানুষ।

তিনি আরও বলেন, ১৩ তারিখ যে নতুন সূর্য উদিত হবে, তা একটি নতুন বাংলাদেশকে কাঁধে নিয়েই উদিত হবে। আমাদের দুই হাতের ১০টি আঙুল সব ধরনের দুর্নীতি ও লুণ্ঠন থেকে পরিচ্ছন্ন থাকবে। মামলা-বাণিজ্য আমরা করি না, ভবিষ্যতেও কাউকে করতে দেব না। শেয়ারবাজার লুণ্ঠনের সুযোগ দেওয়া হবে না। উন্নয়ন প্রকল্পের টাকা লুট করে বিদেশে পাচারের পথও বন্ধ করে দেওয়া হবে।

জামায়াত আমীর বলেন, জনগণের যত বঞ্চনা ও অধিকারহীনতা রয়েছে, তার জন্য আপনাদের আর রাস্তায় নামতে হবে না। সব ন্যায্যতা ও ইনসাফের ভিত্তিতে আপনাদের অধিকার আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।

যুব সমাজের ভূমিকার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের তরুণ সমাজ একটি বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য এবার দুটি ভোট দিতে হবে। একটি গণভোটে ‘হ্যাঁ’ ভোট—যার অর্থ আজাদি বা মুক্তি। আরেকটি ভোট সরকার গঠনের জন্য।

Scroll to Top