ডেস্ক রিপোর্টঃ
ভূমি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে ভূমি সেবার অভূতপূর্ব উন্নয়ন সম্ভব। ভূমি খাতে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারের নীতিমালা বাস্তবায়নে কর্মকর্তাদের পেশাদারিত্ব ও আন্তরিকতা অপরিহার্য।
মন্ত্রী বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, ভূমি সেবা অনলাইনে রূপান্তরের অংশ হিসেবে নামজারি ও ভূমি উন্নয়ন কর সেবাকে আরও সহজীকরণ করতে হবে। নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে নতুন নীতির আলোকে স্বচ্ছ ও গতিশীল ভূমি ব্যবস্থাপনার ওপর জোর দেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ তাঁর বক্তব্যে মন্ত্রণালয়ের সামগ্রিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।











