নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সমন্বয় সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি, ২০২৬) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার।

সভায় পুলিশ কমিশনার মহোদয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণসহ নির্বাচনকালীন করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন করাই পুলিশের প্রধান দায়িত্ব।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস), উপ-পুলিশ কমিশনারবৃন্দ, জিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ এবং গাজীপুর মহানগরের সকল থানার অফিসার ইনচার্জগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনকালীন সময়ে পারস্পরিক সমন্বয় জোরদার, দ্রুত তথ্য আদান-প্রদান এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বদা পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বলে সভায় পুনর্ব্যক্ত করা হয়।











