Environment and Social Development Organization (ESDO) এবং UNICEF Bangladesh যৌথভাবে আয়োজন করেছে সাংবাদিকদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন কর্মশালা, যার মূল ফোকাস ছিল সীসা দূষণ ও বিষক্রিয়ার ভয়াবহতা। বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে সীসার অযাচিত ব্যবহার জনস্বাস্থ্য, পরিবেশ ও শিশুদের বিকাশে মারাত্মক ঝুঁকি তৈরি করছে, তবুও এটি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন তুলনামূলকভাবে কম হয়। কর্মশালায় বক্তারা সীসা দূষণকে ‘নীরব সংকট’ উল্লেখ করে বলেন, সীসামুক্ত বাংলাদেশ অর্জনে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত জরুরি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এএসডিও-র চেয়ারপার্সন ও সাবেক সচিব সৈয়দ মার্ঘুব মুর্শেদ, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক, প্রফেসর ড. আবুল হাশেম, ড. শাহরিয়ার হোসেন, নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা, ইউনিসেফের ড. হাসনাইন আহমেদ এবং বিএইউপি-র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রীতি কণা সিকদার। তারা বলেন, সীসা দূষণ মোকাবিলায় নীতি পদক্ষেপ, জনসচেতনতা এবং অনুসন্ধানী সাংবাদিকতার সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। সাংবাদিকদের মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ এবং ইতিবাচক নীতি পরিবর্তনে ভূমিকা রাখার ওপর জোর দেওয়া হয়।











