February 26, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদির পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

Image

ডেস্ক রিপোর্টঃ

বর্তমান সরকারের লক্ষ্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি জনগণের স্বল্পমেয়াদি প্রত্যাশা পূরণ করা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখাও সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি জানান, দ্রব্যমূল্য যেন কৃত্রিমভাবে বৃদ্ধি না পায় এবং দীর্ঘ ১০-১৫ বছর ধরে চলে আসা সিন্ডিকেট ভেঙে দেওয়া যায়—সে লক্ষ্যে সরকার কাজ করছে। গতানুগতিক পন্থার পরিবর্তে নতুন ও সৃজনশীল উপায়ে ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, সারাদেশে চাঁদাবাজি নির্মূলসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রথম পর্যায়ে বিভাগীয় ও বড় শহরগুলো থেকে এ কার্যক্রম শুরু হবে। এ ক্ষেত্রে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

বৈঠকে ডিসিসিআই’র সভাপতি তাসকীন আহমেদ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি প্রতিরোধ এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

এ সময় ডিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি রাজীব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালেম সোলায়মান, সচিব ড. একেএম আসাদুজ্জামান পাটোয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top