ডেস্ক রিপোর্টঃ
অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, পুলিশ সার্জেন্টের ১৮০টি শূন্য পদে দ্রুত নিয়োগের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। শীঘ্রই যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে এসব পদে নিয়োগ প্রদান করা হবে। এর বাইরে উপ-পরিদর্শক (এসআই) ও বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ দেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ এ বিষয়ক একটি অফিস আদেশ জারি করা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা নেওয়া ও পরিকল্পনা মোতাবেক কাজ সম্পাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।











