ডেস্ক রিপোর্টঃ
নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-কে মরণোত্তর ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মনোবলের স্বীকৃতি হিসেবে আট বিভাগের ৩৯ জন নারীর মধ্য থেকে ৫ জনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। এদের মধ্যে খুলনার ববিতা খাতুন, চট্টগ্রামের শমলা বেগম, রংপুরের নুরবানু কবীর, ময়মনসিংহের নূরুন নাহার আক্তার এবং ঢাকার আফরোজা ইয়াসমিনের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
এছাড়া বিভাগভিত্তিকভাবে আরও নারীদেরও সম্মাননা প্রদান করা হয়েছে। ঢাকা বিভাগ থেকে আরিফা বেগম, মারুফা আক্তার, নাছরিন আক্তার, মুক্তা আক্তার ও আফরোজা ইয়াসমিন; রাজশাহী বিভাগ থেকে লতা খাতুন, রিজু তামান্না, রাশেদা বেগম, রাজিয়া খাতুন ও সুমাইয়া ইসলাম; চট্টগ্রাম বিভাগ থেকে আসমা আক্তার কনা, তাজকেরা চৌধুরী, বিলকিছ বেগম ও শমলা বেগম সম্মাননা পান।
সিলেট বিভাগ থেকে কুলসুমা বেগম, আমিনা বেগম, রহিমা বেগম, কাঞ্চন বেগম ও রিফাত আরা রিফা; খুলনা বিভাগ থেকে তারানা তাবাচ্ছুম, ববিতা খাতুন, লুৎফুন নেছা বেগম, শরিফা ইয়াসমিন ও রাজিয়া খাতুন; রংপুর বিভাগ থেকে ফরিদা পারভীন, রিক্তা বানু, রাশেদা বেগম, পারভীন আক্তার ও খন্দকার আবিদা সুলতানা রিয়া পুরস্কার লাভ করেন।
এছাড়া বরিশাল বিভাগ থেকে নিলুফা ইয়াছমিন, নাহীদ রুমানা মিতু, দেলোয়ারা বেগম, সালমা আক্তার ও রিতা ব্রহ্ম এবং ময়মনসিংহ বিভাগ থেকে নুরুন নাহার বেগম, উম্মে রাফিবা জাহান, হাসনা হেনা বারী, নাসরীন বেগম ও তাহমিদা সম্মাননা লাভ করেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সম্মাননা দেশের নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের অবদানকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে প্রদান করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের স্বীকৃতি নারীর সংগ্রাম, নেতৃত্ব ও সাফল্যের গল্পকে সমাজের সামনে তুলে ধরে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে।











