April 4, 2026

শিরোনাম

বিজ্ঞান-প্রযুক্তিই উন্নয়ন ও নিরাপত্তার মূল ভিত্তি: ফকির মাহবুব আনাম

Image

ডেস্ক রিপোর্টঃ

শনিবার (৪ এপ্রিল, ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে দুই দিনব্যাপী ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস শুরু হয়েছে। ‘Young Scientists for Artificial Intelligence’ প্রতিপাদ্য নিয়ে ০৪-০৫ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য এ কংগ্রেসের আয়োজন করেছে বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস। এ আয়োজনে দেশের তরুণ বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বিষয়ে গবেষণা, উদ্ভাবন ও সম্ভাবনা তুলে ধরবেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, তরুণ বিজ্ঞানীদের অংশগ্রহণে আয়োজিত ‘সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস’ দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি শুধু অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি নয়, বরং জাতীয় নিরাপত্তা, টেকসই উন্নয়ন ও মানবকল্যাণের অন্যতম ভিত্তি।

তিনি আরও বলেন, সরকার একটি জ্ঞানভিত্তিক ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। এ লক্ষ্যে STEM শিক্ষার প্রসার, গবেষণাকে বাজারে রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি এবং স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

মন্ত্রী তরুণ বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন, আপনারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবেন। গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের কাজে লাগানোর জন্যও তিনি আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অগ্রাধিকার দিয়ে একটি জাতীয় এআই ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। ডেটা নিরাপত্তা, ব্যবস্থাপনা এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পখাতে এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত নীতিমালা ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে স্টেম শিক্ষা, ন্যানো ও বায়োটেকনোলজি এবং সেমিকন্ডাক্টর খাতে উন্নয়নে কাজ চলছে। ‘ইনোভেশন টু মার্কেট’ উদ্যোগের মাধ্যমে উদ্ভাবনকে বাজারের সঙ্গে সংযুক্ত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, আজ আমরা চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অবস্থান করছি, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবন ও কর্মক্ষেত্রকে পরিবর্তন করছে। বাংলাদেশের তরুণ বিজ্ঞানীরাই এই পরিবর্তনের মূল চালিকাশক্তি।

কংগ্রেসে বিভিন্ন সেশন, গবেষণা উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করছেন।

ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. জেড এন তাহমিদা বেগম। স্বাগত বক্তব্য প্রদান করেন ষষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেসের চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) প্রফেসর ড. এ এস এম মতিউর রহমান। বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস-এর সেক্রেটারি প্রফেসর ড. ইয়ারুল কবির অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক, তরুণ বিজ্ঞানী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

Scroll to Top