February 10, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ ও মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান

বিএনপি ক্ষমতায় এলে বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ ও মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে: জুবাইদা রহমান

Image

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি ক্ষমতায় এলে দেশে বিনামূল্যে শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে এবং মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে নারী, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ক এক আলোচনা সভা ও চা–চক্রে তিনি এ কথা বলেন। লেডিজ অব গুলশান, বনানী, বারিধারা, ডিওএইচ ও নিকেতন-এর উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান বলেন, নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন কখনোই পূর্ণতা পায় না। তিনি বলেন, “দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী। দেশ গঠনে তাদের অবদান অপরিহার্য। এই ক্রান্তিলগ্নে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “চিকিৎসার অভাবে সন্তান জন্মদানের সময় এখনও অনেক মা অকালে প্রাণ হারান। বিএনপির পরিকল্পনায় রয়েছে—প্রতিটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ প্রসব ব্যবস্থা নিশ্চিত করা এবং মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার দিকে বিশেষ নজর দেওয়া।”

নারীদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জুবাইদা রহমান বলেন, কর্মজীবী নারী ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। অনেক নারী নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিক চলাচল করতে পারছেন না। বিশেষ করে গার্মেন্টস খাতে কর্মরত নারীদের রাতের যাতায়াত এখনও ঝুঁকিপূর্ণ।

তিনি জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে সবেতন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা হবে। পাশাপাশি নিরাপদ আবাসন, যাতায়াত ব্যবস্থা এবং কর্মস্থলে ডে–কেয়ার সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যাতে কর্মজীবী মায়েরা নিশ্চিন্তে কাজ করতে পারেন।

বয়োজ্যেষ্ঠ নারীদের প্রসঙ্গে আবেগঘন বক্তব্যে জুবাইদা রহমান বলেন, “একজন বৃদ্ধা মাকে পরিবারের সদস্যরা শিকল বেঁধে বৃদ্ধাশ্রমের গেটে রেখে যাওয়ার ঘটনা আমাদের সবাইকে নাড়া দেয়। বিএনপি ক্ষমতায় এলে পিতা-মাতার ভরণপোষণ আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।”

নারীদের সার্বিক সহায়তায় বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নারী সাপোর্ট সেল গঠন করা হবে, উদ্যোক্তা নারীদের আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে এবং অনানুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে। তিনি বলেন, “সুপরিকল্পিত রাজনৈতিক উদ্যোগের মাধ্যমেই এসব সমস্যার টেকসই সমাধান সম্ভব।”

আলোচনা সভায় অংশগ্রহণকারী বক্তারা এলাকার পরিবেশ, যানজট ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ বিষয়ে জুবাইদা রহমান বলেন, এসব সমস্যার সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত সমাধান বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সভায় আরও বক্তব্য দেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক হাসিনা খান, স্থপতি ও পাইলট ক্যাপ্টেন ইয়াসমিন, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন এবং বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক নায়লা জামান।

এছাড়া গুলশান সোসাইটি থেকে উদ্যোক্তা শায়লা রহমান, তারকা শেফ আল্পনা হাবিব, বনানী সোসাইটি থেকে নারী উদ্যোক্তা ও সমাজকর্মী জেবুন নাহার মঈন, বারিধারা সোসাইটি থেকে নাজমা ইসলাম, নিকেতন সোসাইটি থেকে সারজানা সুলতানা, পুরাতন ডিওএইচএস থেকে সিমিন এম আখতার, মহাখালী ডিওএইচএস থেকে নাজনীন আকবর হক, সেনানিবাস এলাকা থেকে সৈয়দা শাহরিয়া সামাদ এবং বারিধারা ডিওএইচএস থেকে ফরিদা ইয়াসমিন বক্তব্য দেন।

Scroll to Top