অনলাইন ডেস্কঃ
জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ। এই বিজয়কে স্থিমিত করার কোনো অপচেষ্টা সফল হবে না বলেই দলটি দৃঢ়ভাবে বিশ্বাস করে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দিনভর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ শেষে বিএনপির আনুষ্ঠানিক এই ব্রিফিংয়ে মাহদী আমিন সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। নির্বাচনের বিভিন্ন স্থানে সহিংসতায় যারা আহত হয়েছেন এবং যারা নানা কারণে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি বিএনপির পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।
এসময় তিনি বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিনি নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে মাহদী আমিন বলেন, “ভোটের ফলাফল নিশ্চিত হওয়ার আগে কেউ যেন ভোটকেন্দ্র ত্যাগ না করেন।” তিনি সবাইকে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখারও আহ্বান জানান।










