February 11, 2026

শিরোনাম
  • Home
  • সারাদেশ
  • বান্দরবানে পোস্টাল ভোট গণনা কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানে পোস্টাল ভোট গণনা কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Image

বান্দরবান প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষ্যে বান্দরবান জেলা নির্বাচন অফিস, বাংলাদেশ নির্বাচন কমিশন আয়োজিত পোস্টাল ভোট গণনা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসারদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) জেলা নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব শামীম আরা রিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার জনাব মোহাম্মদ কামরুল আলম।

কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় পোস্টাল ভোট গণনা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসারদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, বিশৃঙ্খলা বা আইনবহির্ভূত কার্যক্রম বরদাস্ত করা হবে না বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

প্রশিক্ষণ কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তা, পোস্টাল ভোট গণনা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহায়ক কর্মকর্তা ও পোলিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top