February 6, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ–চীন মিডিয়া সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে: চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বাংলাদেশ–চীন মিডিয়া সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে: চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

Image

বাংলাদেশ ও চীনের গণমাধ্যম সহযোগিতা দুই দেশের কৌশলগত পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (২৪ ডিসেম্বর, ২০২৫) ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত “গোল্ডেন সিল্ক রোড” বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অ্যাওয়ার্ডপ্রাপ্ত সকল গণমাধ্যমকর্মীকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশ–চীন মিডিয়া সহযোগিতার ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশের গণমাধ্যম চীনের উন্নয়ন, আধুনিকায়নের অভিজ্ঞতা ও অর্জনসমূহ আরও গভীরভাবে তুলে ধরবে। একই সঙ্গে চীন–বাংলাদেশ বন্ধুত্বের গল্পগুলো জীবন্ত করে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, এসব উদ্যোগ মানবজাতির জন্য অভিন্ন ভবিষ্যৎ গঠনে এবং বাংলাদেশ ও চীনের সভ্যতার পারস্পরিক শিক্ষা ও বোঝাপড়া বৃদ্ধিতে দীর্ঘস্থায়ী গতি সঞ্চার করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চায়না মিডিয়া গ্রুপের বাংলাদেশ ভাষা বিভাগের পরিচালক ইউ গুওয়াংইয়ে, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, এবং চীন ও বাংলাদেশের অন্তত দশটিরও বেশি গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাহবুব মোর্শেদ চীনা দূতাবাস ও চায়না মিডিয়া গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের গণমাধ্যম বিনিময় ও সহযোগিতা জোরদারে তাদের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে উভয় দেশের গণমাধ্যম চীন–বাংলাদেশ বন্ধুত্বের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, “গোল্ডেন সিল্ক রোড” বাংলাদেশ মিডিয়া অ্যাওয়ার্ড চীন ও বাংলাদেশের মোট দশটি গণমাধ্যম সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হয়। এবছর বাংলাদেশের ১৯টি গণমাধ্যমের মোট ২৯টি প্রতিবেদন এই সম্মানজনক অ্যাওয়ার্ড লাভ করে।

Scroll to Top