ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন— সিলেট সফর সবসময়ই তার জন্য বিশেষ অনুভূতির। যুক্তরাজ্যের সঙ্গে সিলেটের রয়েছে এক অনন্য ও গভীর সম্পর্ক, যা দুই দেশের ঐতিহাসিক ও প্রবাসী সম্প্রদায়ের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

সিলেটে আয়োজিত এক ইফতার সংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সিলেটে এলে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের গভীরতা স্পষ্টভাবে অনুভব করা যায়। বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু সহনশীলতা, শিক্ষা এবং অভিবাসনসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ক্রমেই বিস্তৃত হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে এবং এ সময় যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে আগ্রহী। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও গতিশীল হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সিলেট অঞ্চল ঐতিহাসিকভাবে যুক্তরাজ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত, বিশেষত বৃহৎ ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের কারণে। এই প্রেক্ষাপটে ইফতার অনুষ্ঠানটি দুই দেশের কূটনৈতিক ও সামাজিক সম্পর্ক জোরদারের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে।











