ডেস্ক রিপোর্টঃ
ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম। তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে প্রতিশ্রুতির মধ্যে প্রান্তিক জনগণ ও নিম্নবিত্তের উপকারে ফ্যামিলি কার্ড অন্যতম। সরকারের মাত্র ২১ দিনের মধ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড সুবিধা চালু করেছেন। প্রাথমিকভাবে ১৪ উপজেলার মধ্যে আমার নিজ উপজেলা ভৈরবের ১ হাজার ১০টি পরিবারকে এই কর্মসূচিতে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে তারা কার্ডের টাকাও পেয়ে গেছে।
মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ভৈরবের যেসব পরিবার যোগ্য হিসেবে বিবেচিত হবে, পর্যায়ক্রমে তাদের সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো সরাসরি আর্থিক সহায়তা পাবে এবং তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় মাসিক ২ হাজার ৫০০ টাকা করে উপকারভোগীরা তাদের পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবে পাবেন। প্রথম পর্যায়ে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচন করা হয়েছে।











