নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে সুযোগ অন্বেষণ, নাগরিক পরিষেবা গ্রহণ এবং টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রভাব সৃষ্টিতে প্রবাসীদের সম্পৃক্ততা বাড়াতে মোবাইল অ্যাপ ‘শুভেচ্ছা’ এবং যাতায়াতে স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকেট’ চালু করেছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি, ২০২৬) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তাইয়্যেব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত কার্যক্রম উপস্থাপন করেন।
জানা গেছে, ‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একশটিরও বেশি নাগরিক সেবা সহজে ও দ্রুত গ্রহণ করতে পারবেন। এতে প্রবাসীদের জন্য সরকারি সেবায় প্রবেশাধিকার সহজ হবে এবং দেশ-বিদেশে তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। সরকারের প্রত্যাশা, এই উদ্যোগ প্রবাসীদের বিনিয়োগ, দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করবে।
অন্যদিকে, ‘দ্রুত টিকেট’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস, রেল ও বিমানযাত্রায় অনলাইন টিকিটিং ব্যবস্থাকে একীভূত করা হয়েছে। বিশেষ করে উৎসব-উদযাপনের সময় অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি ও অনিয়ম রোধে এই কেন্দ্রীয় প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে যাত্রীসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
প্ল্যাটফর্ম দুটি সফলভাবে চালু হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “সরকারের সব সেবা যেন ভোগান্তি ছাড়াই নাগরিকদের কাছে পৌঁছে যায়—এটাই ছিল আমাদের লক্ষ্য। আজ এই দুটি প্ল্যাটফর্মের যাত্রা শুরু হলো। এটি কেবল একটি সূচনা। প্ল্যাটফর্ম দুটিকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যেতে হবে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে।”
তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী নির্বাচিত সরকার এই উদ্যোগগুলোকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং ডিজিটাল সেবাকে জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক রূপ দেবে।











