ডেস্ক রিপোর্টঃ
সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়বো। তিনি বলেন, ৭১’র মুক্তিযুদ্ধে এবং ২৪’র গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। এদেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। এজন্য দলীয়করণের ঊর্ধ্বে থেকে এ মন্ত্রণালয়ের উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতা চাই।
মন্ত্রী বুধবার (১৮ ফেব্রুয়ারি, ২০২৬) মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন। এছাড়া সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় অনেক মানুষ হারিয়ে গেছে। ইলিয়াস আলীর খবর এখনো আমরা জানতে পারিনি উল্লেখ করে তিনি বলেন, এরকম ৮০০ মানুষ এখনো নিখোঁজ। তিনি বলেন, আমরা বলি উন্নয়নের মহাসড়ক—এই মহাসড়কে না হাঁটলে বুঝতেই পারবেন না যে আমরা কত পিছিয়ে আছি। তিনি আরও বলেন, আমরা এখান থেকে কোনো উপার্জন করতে আসিনি। আমরা মিতব্যয়ী হবো এবং এই মন্ত্রণালয়ের উন্নয়নে সবদিক দিয়ে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।
সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, আমি আমার বাবার পূর্বের কাজ করার জায়গায় এসে বসেছি। আমি চাই এই মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো এগিয়ে নিতে। এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।
এর আগে সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে উভয় মন্ত্রণালয়ের সচিব এবং কর্মকর্তাবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।











