ডেস্ক রিপোর্টঃ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, আমরা ঐক্যবদ্ধ থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে; তাদের অঙ্গীকার পূরণে আমাদের কাজ করতে হবে।
মন্ত্রী বৃহস্পতিবার (১২ মার্চ, ২০২৬) রাজধানী ঢাকায় ইমানুয়েলস কনভেনশন সেন্টারে রংপুর মেডিকেল কলেজের সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে আমরা, আপনারা সবাই রাজপথে ছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের সেবা করার সুযোগ পেয়েছে। আমরা আপনাদের সাথে নিয়ে মানুষের সেবা করতে চাই, যেভাবে আপনাদেরকে সাথে নিয়ে দেশ ও দেশের মানুষকে এগিয়ে নিতে চাই।”
মন্ত্রী আরও বলেন, “আমরা যার যার অবস্থান থেকে দলের এবং সরকারের যে কর্মসূচি আছে সেটি সমর্থন করা এবং দলের ইমেজ যাতে কেউ ছোট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। ষড়যন্ত্র সর্বত্র চলছে এবং চলবে; এর মধ্যে থেকেই জনগণের কল্যাণে আমাদেরকে আত্মনিয়োগ করতে হবে।”
পরে তিনি সকল শহীদদের রূহের প্রতি শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে ড্যাবের সাবেক যুগ্ন আহ্বায়ক, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদল ও যুগ্ম মহাসচিব ডা. আবু মোঃ আহসান ফিরোজ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের সাবেক মহাসচিব ও সংসদ সদস্য ডা. মোঃ আব্দুস সালাম, কেন্দ্রীয় বিএমএ ও ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলামসহ চিকিৎসকবৃন্দ।











