March 10, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • প্রধানমন্ত্রীর নির্দেশে জাকাত ব্যবস্থাপনা কার্যকর করতে উদ্যোগ, বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত

প্রধানমন্ত্রীর নির্দেশে জাকাত ব্যবস্থাপনা কার্যকর করতে উদ্যোগ, বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত

Image

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার সম্ভাবনা খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

সোমবার (৯ মার্চ, ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে দেশের দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। জাকাতের অর্থকে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা করে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবিত কমিটিতে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সহ শীর্ষ স্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামা অন্তর্ভুক্ত থাকবেন।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত কমিটি দেশের বিদ্যমান জাকাত ব্যবস্থার কাঠামো পর্যালোচনা করে এটিকে আরও আধুনিক, স্বচ্ছ ও দরিদ্রবান্ধব করার জন্য সুপারিশমালা প্রস্তুত করবে। এর মাধ্যমে জাকাতকে দারিদ্র্য বিমোচনের একটি কার্যকর সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Scroll to Top