ডেস্ক রিপোর্টঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, পিএসসি, জি, সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকার শের-ই-বাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন।
মন্ত্রণালয়ে পৌঁছালে প্রতিরক্ষা সচিব মোঃ আশরাফ উদ্দিন উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে প্রতিরক্ষা সচিব মন্ত্রণালয়ের চলমান কর্মকাণ্ড, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। পরে উপদেষ্টা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন কার্যক্রম বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি করে একটি স্বাধীন, সার্বভৌম, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তব্য শেষে উপদেষ্টা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।











