February 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • নির্বাচন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করলো ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল, ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ

নির্বাচন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করলো ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল, ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ

Image

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (EU-EOM) আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) নির্বাচন পরিস্থিতি ও সামগ্রিক পরিবেশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে।

মিশনের পক্ষ থেকে জানানো হয়, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই প্রক্রিয়া পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের ২০০ জনেরও বেশি পর্যবেক্ষক দেশের বিভিন্ন স্থানে কাজ করছেন। তারা সারাদেশে ছড়িয়ে থেকে ভোটগ্রহণ, ভোটকেন্দ্রের পরিবেশ, ভোটার উপস্থিতি এবং সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধি বলেন, তারা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান বজায় রেখে কাজ করছেন এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না। তাদের একমাত্র দায়িত্ব হলো নির্বাচন পর্যবেক্ষণ করা। তিনি জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি (শনিবার) মিশনের পক্ষ থেকে একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে নির্বাচন পরিচালনার সামগ্রিক চিত্র তুলে ধরা হবে।

তিনি বলেন, “আমরা সারাদেশে আমাদের পর্যবেক্ষকদের কাছ থেকে অনলাইনে নিয়মিত তথ্য পাচ্ছি। এসব তথ্য সংগ্রহ করে একটি বিশ্বাসযোগ্য পর্যবেক্ষণ প্রতিবেদন প্রস্তুত করা হবে।”

দুপুর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান, ভোটারদের মধ্যে ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। তিনি আশা প্রকাশ করেন, বিকাল পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া একইভাবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক থাকবে।

পর্যবেক্ষক দল জানায়, তারা ভোটকেন্দ্র খোলার প্রক্রিয়া, ভোটার উপস্থিতি এবং ভোটগ্রহণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বর্তমানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভোটকেন্দ্র পরিদর্শন করছেন বলেও উল্লেখ করা হয়। প্রতিনিধি ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশের প্রশংসা করে বলেন, এটি তার জন্য একটি সুন্দর অভিজ্ঞতা। তবে তিনি স্পষ্ট করেন, এটি কেবল একটি কেন্দ্র; সারাদেশে আরও বহু কেন্দ্র পরিদর্শন করা হবে।

ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ভোটগ্রহণ এখনো চলমান থাকায় এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়। কোনো প্রক্রিয়া সম্পর্কে আগাম মন্তব্য করা রাজনৈতিক সম্পৃক্ততার শামিল হতে পারে—যা এড়াতেই তারা নিরপেক্ষতা বজায় রাখছেন।

তিনি আরও বলেন, “এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ—যেখানে তারা অবাধ, অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন।”

মিশনের পক্ষ থেকে ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টায় প্রাথমিক প্রতিবেদন উপস্থাপনের সময় সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সেদিন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তরও দেওয়া হবে বলে জানানো হয়।

ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের এই মতবিনিময় নির্বাচন প্রক্রিয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষণের গুরুত্ব ও স্বচ্ছতা নিশ্চিতের প্রচেষ্টাকে আরও জোরালো করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Scroll to Top