March 1, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • নদীতে খাদ্যপণ্যবাহী লাইটার জাহাজ নোঙর করে পণ্য খালাসে বিলম্ব, কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর

নদীতে খাদ্যপণ্যবাহী লাইটার জাহাজ নোঙর করে পণ্য খালাসে বিলম্ব, কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ নৌপরিবহন মন্ত্রীর

Image

ডেস্ক রিপোর্টঃ

আমদানিকৃত গম ও ভুট্টাবাহী লাইটার জাহাজ থেকে নির্ধারিত সময়ে খাদ্যপণ্য গুদামে খালাস না করে দীর্ঘদিন নদীতে নোঙর করে রাখার ঘটনায় জড়িত প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৬) মুন্সিগঞ্জ জেলার ধলেশ্বরী নদী এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে মন্ত্রী দেখতে পান, কয়েকটি লাইটার জাহাজ ৬ থেকে ১৮ দিন পর্যন্ত খাদ্যপণ্যসহ নোঙর করে রাখা হয়েছে। সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী এসব পণ্য দ্রুত নির্ধারিত গুদামে খালাস করার কথা থাকলেও তা যথাসময়ে করা হয়নি।

নৌপরিবহন মন্ত্রী বলেন, খাদ্যপণ্য জাহাজে অযৌক্তিকভাবে ফেলে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অধিক মুনাফা অর্জনের কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। এতে বাজার ব্যবস্থাপনা ও ভোক্তা স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

মন্ত্রী সংশ্লিষ্ট সকল আমদানিকারক, পরিবহনকারী ও ব্যবসায়ীদের নির্ধারিত বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান এবং খাদ্যপণ্য দ্রুত খালাস ও যথাযথ সংরক্ষণ নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।

এসময় নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এনডিসি, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌপরিবহন অধিদপ্তরের অধীনে গঠিত টাস্কফোর্স নিয়মিতভাবে নদীপথে অভিযান ও তদারকি কার্যক্রম পরিচালনা করছে। গত দেড় মাসে ঢাকা, নারায়ণগঞ্জ ও যশোর অঞ্চলে মোট ৮৩৮টি জাহাজ পরিদর্শন করা হয়েছে।

Scroll to Top