April 11, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জাতীয় সংসদে শিক্ষার্থীদের জন্য দর্শনার্থী গ্যালারিতে অতিরিক্ত ১০০ আসন বৃদ্ধি

জাতীয় সংসদে শিক্ষার্থীদের জন্য দর্শনার্থী গ্যালারিতে অতিরিক্ত ১০০ আসন বৃদ্ধি

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের সুযোগ বাড়াতে শিক্ষার্থীদের জন্য দর্শনার্থী গ্যালারিতে আরও ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে এখন থেকে মোট ১৫০ জন শিক্ষার্থী সংসদের অধিবেশন সরাসরি দেখতে পারবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের এক আধা-সরকারি পত্রের (ডিও) প্রেক্ষিতে জাতীয় সংসদের স্পিকার এ প্রস্তাব অনুমোদন করেন। শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে স্পিকারের কাছে পাঠানো পত্রে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জাতীয় সংসদ জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন এবং রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে সংসদীয় গণতন্ত্রের চর্চা এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ শিক্ষার্থীদের দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করতে কার্যকর ভূমিকা রাখবে।

পত্রে উল্লেখ করা হয়, বর্তমানে সংসদের দর্শনার্থী গ্যালারিতে মোট ৪৪৮টি আসনের মধ্যে মাত্র ৫০টি আসন ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। অতিরিক্ত ১০০টি আসন স্থায়ীভাবে সংরক্ষিত হলে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা শিক্ষা সফরের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থা ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাবে।

এ উদ্যোগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের রাষ্ট্র সম্পর্কে ধারণা দিতে নৌবিহারের আয়োজন করতেন। একইভাবে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদেরও রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদের কার্যপ্রণালী, ঐতিহ্য এবং স্থাপত্য শৈলী সম্পর্কে বিস্তারিত অবহিত করা হবে। এর মাধ্যমে তারা সংসদ সম্পর্কে একটি স্বচ্ছ ও সম্যক ধারণা লাভ করতে পারবে।

Scroll to Top